নিরাপত্তাঝুঁকি ও জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা জানিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
তালিকায় থাকা দেশগুলো হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। দেশ ছয়টিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল-৪’ বহাল রয়েছে। এর অর্থ, কোনো পরিস্থিতিতেই এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, এসব দেশ অত্যন্ত বিপজ্জনক। কোনো কারণেই সেখানে ভ্রমণ করা উচিত নয়।
এ ছাড়া আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বর্তমানে বিশ্বের মোট ২৩টি দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন