গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরের এলাকা) এবং একজন খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে সর্বোচ্চ ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
মন্তব্য করুন