প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন, তার দল ক্ষমতায় এলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।
রিজভী আরও বলেন, ‘এই সুন্দর পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে। ভয়ংকর বৈশ্বিক উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষা করে বাসযোগ্য রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের যেসব প্রভাব আমরা দেখছি, তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে এই আন্তর্জাতিক সম্মেলন একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি।’
এদিকে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অথচ যারা কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের এই ক্ষতির দিকে যথাযথ নজর দিচ্ছে না।
তিনি বলেন, ‘কপ সম্মেলনের মাধ্যমে আমরা তাদের জানাতে চাই, আমরা কোনো দয়া চাই না। আমরা চাই, আমাদের প্রতি প্রকৃত ন্যায়বিচার করা হোক। আমরা যতটুকু কার্বন নিঃসরণ করি, তার চেয়ে বেশি ক্ষতির শিকার যেন না হই।’
অন্যের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তার হাত বাড়িয়ে দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নূরুল ইসলাম মনি।
মন্তব্য করুন