সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৮ নভেম্বর) সৌদি কর্তৃপক্ষ দাম্মাম, আল-আহসা ও আবকাইক এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে। এর কয়েক মিনিট পর হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করার কথা জানায় তারা।
সতর্কতা জারির পর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হামলার কোনো ভিডিও বা ছবি ধারণ না করার নির্দেশনাও দেওয়া হয়।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। সাম্প্রতিক সময়ে এই সংঘাত আরও তীব্র হয়েছে।
এর আগে শনিবার সৌদি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। এতে অন্তত ৩৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পরই সৌদি আরব লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের ঘটনা ঘটল।
দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি ও সৌদি-সমর্থিত সরকারের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।
সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন