শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধায় দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু হয়েছে।

সোমবার সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিবসহ অন্যরা।

মেলায় ১৬টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলার দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞান মানে শুধু বইয়ের সূত্র মুখস্থ করা নয়; বরং কৌতূহল নিয়ে চারপাশের জগৎকে জানা, প্রশ্ন করা এবং সমস্যার সমাধান খুঁজে বের করা। মেলায় শিক্ষার্থীরা নিজেদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী দক্ষতা দিয়ে বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে, যা প্রশংসনীয়।

তাঁরা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণী ও দূরদর্শী মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের নির্দেশক শিক্ষকদের অভিনন্দন জানিয়ে সবার সাফল্য কামনা করা হয়।