আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিএনপি, জামায়াত কিংবা প্রশাসন—কেউ রাতের ভোটের মাধ্যমে নির্বাচন করার সুযোগ পাবে না।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য জানান, ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি রাঙ্গাবালী উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের উদ্দেশে তিনি বলেন, যারা নির্বাচন করতে চান, তারা এখন থেকেই ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখুন। বিএনপি বা জামায়াত নির্বাচন করে দেবে কিংবা প্রশাসন আগের মতো রাতে ভোটের ব্যবস্থা করবে—এমন সুযোগ আর নেই। অতীতে নির্বাচনকেন্দ্রিক অনিয়মের কারণে প্রশাসনের অনেক কর্মকর্তা বিপদে পড়েছেন।
বিগত সময়ের অনিয়মের কারণে ১৬৭ জন পুলিশ কর্মকর্তা ও ৩৭ জন জেলা প্রশাসকের চাকরি চলে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মকর্তারা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তারা নিজেদের চাকরির নিরাপত্তা চান। তাই কারও কথায় অনিয়ম করতে রাজি নন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ জন্য প্রশাসনকে সহযোগিতা করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সংসদ সদস্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সরকারি দলের কোনো নেতা মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাকে আগে গ্রেপ্তার করতে হবে। মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
মন্তব্য করুন