জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে করতোয়া নদী পুনঃখননের স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট শাসক ও তার নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। পৃথিবীর ইতিহাস বলে, এভাবে পালিয়ে যাওয়া শাসক আর কখনো দেশে ফিরে আসতে পারেন না। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে বিদায় জানিয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যারা ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণ ২৪ আগস্ট ও ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে। আদালত যাকে সাজা দিয়েছেন, তাকে দেশে ফিরতে হলে প্রচলিত আইন মেনেই আসতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদী পুনঃখননের স্থান নির্ধারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. ময়নুল হাসান সাদিক, পানি সম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধা অংশে করতোয়া নদীর ১৫ কিলোমিটার পুনঃখননকাজের উদ্বোধন করবেন।