একসময় অভাব-অনটনে দুবেলা খাবার জোটানোই কঠিন ছিল মমতাজের পরিবারের। সেই মমতাজই এখন একজন সফল নারী উদ্যোক্তা। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি, প্রশিক্ষণ ও পরিবারের সহযোগিতায় গড়ে তুলেছেন গরু-ছাগল, হাঁস-মুরগির খামার। পাশাপাশি উৎপাদন করছেন ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার। বাড়ির পাশে গড়ে তুলেছেন নার্সারিও। এসব উদ্যোগ থেকে বছরে তাঁর আয় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা।

সংগ্রামী এই নারীর নাম মমতাজ আক্তার। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

২০০৮ সালে এসএসসি পাস করেন মমতাজ। ইচ্ছা থাকলেও বাবার অভাবের সংসারে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া সম্ভব হয়নি। পরে একই উপজেলার দুর্গাপুর গ্রামের বেলাল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু স্বামীর সংসারেও অভাব-অনটন পিছু ছাড়েনি। স্বামীর তেমন কাজকর্ম না থাকায় অনেকটা কষ্টের মধ্যেই দিন কাটত তাঁদের।

অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর চেষ্টায় প্রথমে হাঁস-মুরগি পালন শুরু করেন মমতাজ। ডিম ও মুরগি বিক্রি করে কিছু আয় হতে থাকে। পরে ২০২৮ সালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গরু কেনেন। ধীরে ধীরে গরু ও ছাগল পালনের পরিধি বাড়ান। পাশাপাশি প্রতিবেশীদের ছাগলও পালন করতে দেন।

এরপর খামারের সঙ্গে যুক্ত করেন ভার্মি কম্পোস্ট উৎপাদন। বর্তমানে ট্রাইকো কম্পোস্ট সারও উৎপাদন করছেন তিনি। পাশাপাশি বাড়ির পাশে গড়ে তুলেছেন নার্সারি। সেখানে বিভিন্ন মৌসুমি ফল ও নানা প্রজাতির গাছের চারা উৎপাদন করা হয়।

বর্তমানে মমতাজের খামারে ছোট-বড় মিলিয়ে ১৫টি গরু ও প্রায় ২০টি ছাগল রয়েছে। এ ছাড়া হাঁস-মুরগি পালন করছেন তিনি। প্রতিবেশীদের প্রায় ৪০টি ছাগলও পালন করছেন। বছরে প্রায় পাঁচ টন ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করেন। তাঁর এই খামারে কর্মসংস্থান হয়েছে ৫ থেকে ১০ জন শ্রমিকের।

মমতাজ আক্তার বলেন, বাবার সংসারে অভাবের কারণে লেখাপড়া বন্ধ হয়ে যায়। বিয়ের পর স্বামীর সংসারেও অভাব-অনটনে দিন কেটেছে। দারিদ্র্যের কষ্ট কাছ থেকে দেখেছেন বলেই পরিবারকে সচ্ছল করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন। প্রথমে হাঁস-মুরগি পালন, পরে প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে গরু পালন শুরু করেন। ধীরে ধীরে খামারের পরিধি বাড়িয়েছেন। এখন খামারের আয় থেকেই সন্তানদের লেখাপড়া, সংসারের খরচসহ পরিবারের প্রয়োজন মেটানো হচ্ছে। ভবিষ্যতে আরও বড় ও আধুনিক খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, মমতাজের সফলতা অন্যদের জন্য অনুকরণীয়। তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম তাঁকে স্বাবলম্বী করেছে। প্রাণিসম্পদ বিভাগ থেকে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তাঁর মতো অন্য নারীরাও খামার গড়ে তুলে নিজেদের স্বাবলম্বী করতে পারেন।

তিনি আরও বলেন, মমতাজ নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছেন। একই সঙ্গে পরিবেশবান্ধব জৈব সার উৎপাদন করছেন।