আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা অন্যান্য মুক্তিযোদ্ধা, আধাসামরিক বাহিনী ও সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। সেই ঐতিহাসিক সূচনাকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এই অভিযানের ফলে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নতুন গতি সঞ্চারিত হয়, যা ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পথ সুগম করে।
আইএসপিআর জানায়, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধান—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে।
এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন।
ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুরের সেনানিবাস ও ঘাঁটিতেও নানা কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সাজানো জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য করুন