উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এ অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সেদিকে কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দিতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই দায়িত্বে থাকাকালে সেই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনা হবে জানিয়ে তিনি পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তাদের আরও খোলামেলাভাবে মতামত তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন