দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।’

এসএমই নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিগগিরই এ নীতিমালা বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো- বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।