দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম পরিস্থিতি-সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছে ৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছে।
সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।
অন্যদিকে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।
মন্তব্য করুন