দেশলাইয়ের বাক্সের ছোট্ট লেবেলে ফুটে উঠেছে নানা নকশা, ছবি ও গল্প। কখনো ফুল, ফল, পাখি, কখনো নকশিকাঁথা ও জামদানি। আবার কোথাও উঠে এসেছে শিশুদের নিজস্ব ভাবনা ও কল্পনা। দেশলাইয়ের বাক্সের এমন নকশা ও চিত্রকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘দেশলাইয়ে বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী।
বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) ও মনসিজ আর্ট একাডেমির যৌথ আয়োজনে গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সময়ের ও প্রতিষ্ঠানের দেশলাইয়ের বাক্সের নকশা ও লেবেলের প্রতিরূপের পাশাপাশি শিশুদের আঁকা চিত্রকর্ম স্থান পায়।
প্রদর্শনীতে ২৯ জন শিশুশিল্পীর আঁকা ৪৩টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। অংশগ্রহণকারী শিশুদের বেশির ভাগই বিভিন্ন সময়ের দেশলাইয়ের বাক্সের নকশা দেখে ছবি এঁকেছে। কেউ কেউ আবার নিজেদের কল্পনা থেকে তৈরি করেছে নতুন নকশা।
নওশীন যাবীন হুদা রামিসার কল্পনায় তৈরি হয়েছে ‘নওশীন ম্যাচ ইন্ডাস্ট্রিজ লি., বাংলাদেশে প্রস্তুত’ লেখা তিনটি ম্যাচবাক্স। সেগুলোর নাম ‘বউ জামাই’, ‘মজদুর’ ও ‘ম্যাচের জীবন’। অন্য শিশুদের আঁকা ছবিতে উঠে এসেছে ‘বারুদ’, ‘ডলফিল’, ‘রাজধানী’, ‘রূপচাঁদা’ ও ‘যমুনা’। ‘পালকি’ থেকে অনুপ্রাণিত হয়ে কেউ এঁকেছে ‘পুতুলনাচ’, ‘লুডু’, ‘মহাকাশ’ ও ‘রকেট’।
মনসিজ আর্ট একাডেমির পরিচালক সাদিয়া শারমিন জানান, প্রদর্শনীতে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দেশলাইয়ের বাক্সের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে শিশুরা ছবি এঁকেছে। অনেকে আবার নিজেদের ভাবনা থেকেও নতুন ছবি তৈরি করেছে। এসব চিত্রকর্মে বাংলাদেশের সংস্কৃতি ও প্রকৃতির নানা উপাদান উঠে এসেছে।
আয়োজন সম্পর্কে বাংলাদেশ ম্যাচবাক্স কালেক্টরস ক্লাবের (বিএমসিসি) সভাপতি সাকিল হক প্রথম আলোকে বলেন, ‘এখানে ঘুরলে বোঝা যায়, সামান্য ম্যাচবাক্স কত অসাধারণ হতে পারে। বাচ্চাদের এসব আর্ট দেখে আমরা অভিভূত। এখান থেকে বেশ কিছু ডিজাইন নিয়ে আমরা ম্যাচবাক্স বানাব।’
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে প্রদর্শনী। দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশলাইয়ের বাক্স সংগ্রাহকেরাও। প্রদর্শনীতে ম্যাচবাক্স কেনাবেচার পাশাপাশি সংগ্রাহকেরা নিজেদের মধ্যে সংগ্রহের বাক্স বিনিময় করেন। বিক্রি হয় তাঁদের আনা বিভিন্ন ম্যাচবাক্সও।
এ ছাড়া প্রদর্শনীতে ছিল দেশি-বিদেশি পুরোনো নোট ও মুদ্রার স্টল। সুলতানি আমল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ের মুদ্রাসহ বিভিন্ন ধরনের পুরোনো সামগ্রী বিক্রির আয়োজনও ছিল। একজন সংগ্রাহক প্রদর্শনীতে নিয়ে এসেছিলেন এক হাজারের বেশি ইরেজারের সংগ্রহ।
মন্তব্য করুন