আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং দাম সহনীয় রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ মার্চ, ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে রমজান উপলক্ষে এসব পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব উত্থাপন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।