বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রোববার (১৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রোববার সকাল ৬টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘আকভান’। তবে এর গতিপথ এখনো নিশ্চিত নয়। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।