জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আরও ঋণ নয়, বরং অনুদানভিত্তিক আর্থিক সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এসব দেশের জন্য নির্ভরযোগ্য অর্থায়ন, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহায়তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে জ্বালানি তৈরি, সবুজ শিল্পের প্রসার এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। জলাধার সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর পাশাপাশি উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারেও কাজ চলছে।
বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার পূরণে যথেষ্ট নয় উল্লেখ করে তারেক রহমান পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত এবং কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য করুন