মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। সাত দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপির মাইলফলকের কাছাকাছি পৌঁছেছে ছবিটি। উৎসবের ছুটি শেষ হলেও সিনেমাটির আয়ে ভাটা পড়েনি। কর্মদিবসেও দর্শক টানছে এটি।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিন আয় করে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। প্রথম সপ্তাহান্তে আয় দাঁড়ায় ২৩৯ কোটি রুপি। এরপর সোমবার ১০৭ কোটি এবং মঙ্গলবার ৯৪ কোটি রুপি আয় করে ছবিটি।
হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদন অনুযায়ী, ১১ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৬৯ কোটি রুপি। ফলে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ এখন সময়ের অপেক্ষা।
হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষাতেও দর্শকদের সাড়া পাচ্ছে সিনেমাটি। ডাব করা চারটি সংস্করণ মিলিয়ে আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।
মন্তব্য করুন