উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা টেকসই করতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবনপদ্ধতি টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি থেকে তাদের সুরক্ষার লক্ষ্যে এ অর্থ ব্যয় করা হবে।
বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তুলতে নতুন একটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ঢাকার নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নে একটি মডেল প্রকল্প নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ লক্ষ্যে কড়াইল, ভাসানটেকসহ কয়েকটি বস্তি এলাকাকে মডেল হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা দিতে সম্মত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিশ্বব্যাংক দেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থায়নের সুযোগ থাকায় বিশ্বব্যাংককে বরাবরই গুরুত্ব দেওয়া হয়।
বিশ্বব্যাংকের প্রতিনিধি জ্যঁ পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে একটি পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম নেওয়া সম্ভব, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা তুলে ধরেছেন।
আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে জানিয়ে তিনি বলেন, শহরের বিশেষ চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর উন্নয়নের সম্ভাবনা যাচাইয়ের মডেল হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, ভৌত অবকাঠামো ও জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতের উন্নয়ন কৌশল নির্ধারণেও এসব বিষয় গুরুত্বপূর্ণ।
পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর বিষয়েও আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসব উদ্যোগের মাধ্যমে শহরের বাসিন্দাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।
মন্তব্য করুন