দীর্ঘ ২২ বছর পর আবারও জিম্বাবুয়ের মাটিতে খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে ২০ অক্টোবর হারারেতে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে খেলবে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ইংল্যান্ড রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। গ্রুপের ষষ্ঠ দলটি নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে।

ইংল্যান্ড সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে খেলেছিল ২০০৪ সালের নভেম্বর-ডিসেম্বরে। এরপর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে দীর্ঘ বিরতি তৈরি হয়। ২০২৫ সালের মে মাসে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্টের মাধ্যমে আবারও দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক শুরু হয়।

২০০৩ বিশ্বকাপকে ঘিরে দুই দলের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। রাজনৈতিক চাপ ও নিরাপত্তা শঙ্কার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যায়নি ইংল্যান্ড। ম্যাচটি জিম্বাবুয়ের পক্ষে পরিত্যক্ত ঘোষণা হলে পাওয়া পয়েন্টে তারা সুপার সিক্সে ওঠে, আর ইংল্যান্ড বাদ পড়ে।

এরপর আইসিসির কোনো ইভেন্টে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছিল ইংল্যান্ড।

সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আবারও উন্নত হয়েছে। ২০২৭-২০৩১ ফিউচার ট্যুর প্রোগ্রামেও জিম্বাবুয়েতে ইংল্যান্ডের সফর নিয়ে আলোচনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও জিম্বাবুয়ের মাটিতে খেলেছিল ইংল্যান্ড। ফাইনালে ভারতের মুখোমুখিও হয়েছিল তারা।