২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
বুধবার (২৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা।
এবারের আসরে কনমেবলের ১০টি দলের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল অংশ নেবে। অর্থাৎ মোট ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে মূল আসরে জায়গা করে নেবে। ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে গোল্ড কাপ।
কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়াগত যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে দেশটির অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত রয়েছে।
এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালে খেলেছিল।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল কোপা আমেরিকার আসর। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে।
নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজক সংস্থাগুলো। ১৬ দলের এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেটিই দেখার অপেক্ষা।
মন্তব্য করুন