চলতি অর্থবছরের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।
প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য, অর্থ, সমাজকল্যাণ, পানি, ভূমি, স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্বরাষ্ট্র এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে।
এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, ফেনী ও বামনী নদী অববাহিকায় বন্যা ও নদী ব্যবস্থাপনা, ভোলা সদর ও দৌলতখানকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা, রংপুর বিভাগের সড়ক উন্নয়ন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের মতো প্রকল্প রয়েছে।
এ ছাড়া ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে শিক্ষা, পানি ও স্যানিটেশন, বিদ্যুৎ, সড়ক, কৃষি, নদীভাঙন প্রতিরোধ ও নগর অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রকল্প রয়েছে।
মন্তব্য করুন