ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অনন্য কীর্তি গড়েছেন বিরাট কোহলি। আলজারি জোসেফের শর্ট বল ডিপ মিড-উইকেট দিয়ে সীমানাছাড়া করে ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় এই তারকা।
থিরুভানান্থাপুরামে ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় ১২তম ওভারে ব্যাটিংয়ে নামেন কোহলি। ৪০ বলে ফিফটি পূর্ণ করার পর টানা তিনটি চার মেরে ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
ওয়ানডেতে ১৫ হাজার রান করা দ্বিতীয় ব্যাটার কোহলি। এর আগে একমাত্র শচীন টেন্ডুলকার এই কীর্তি গড়েছিলেন। তবে শচীনের চেয়ে কম ইনিংসেই মাইলফলকটি স্পর্শ করেছেন কোহলি। শচীন ৩৭৭ ইনিংসে ১৫ হাজার রান পূর্ণ করলেও কোহলির লেগেছে মাত্র ৩০৩ ইনিংস।
ওয়ানডেতে ৮ হাজার থেকে ১৫ হাজার—প্রতিটি মাইলফলকেই দ্রুততম ব্যাটার এখন বিরাট কোহলি।
মন্তব্য করুন