দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

বৈঠক শেষে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক সাংবাদিকদের বলেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ, নতুন করে যে সংকট তৈরি হয়েছে, তার আগের অবস্থায় গ্যাস-বিদ্যুতের সরবরাহ ফিরে যেতে পারব।’

তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর এটি।

তবে ‘আগের অবস্থায়’ বলতে ঠিক কোন সময়ের পরিস্থিতি বোঝানো হয়েছে, তা বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগস্টে সংকট ঘনীভূত হওয়ার আগের অবস্থার কথা বোঝানো হয়েছে।