আর্থিক আয় বাড়াতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ওহানা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এলএলসির সঙ্গে দীর্ঘমেয়াদি স্পনসরশিপ চুক্তির দিকে এগোচ্ছে বার্সেলোনা।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর বার্সেলোনার সাধারণ সভায় চুক্তিটি অনুমোদনের জন্য ভোট হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে সংযুক্ত আরব আমিরাতে একটি বিলাসবহুল আবাসিক প্রকল্পে বার্সেলোনা ব্র্যান্ড ব্যবহারের অধিকার পাবে ওহানা। চুক্তিটির মেয়াদ ২৫ বছরের বেশি হতে পারে।
চুক্তির আর্থিক কাঠামোও উল্লেখযোগ্য। বার্সেলোনা এরই মধ্যে অগ্রিম হিসেবে ২০ থেকে ৩০ লাখ ইউরো পেয়েছে। বাকি অর্থের বেশির ভাগ আগামী তিন অর্থবছরে ক্লাবের কোষাগারে জমা পড়বে। প্রতি বছর প্রায় ১ কোটি ইউরো করে পাওয়ার কথা রয়েছে।
চুক্তি কার্যকর হলে ২০২৭ সাল থেকে তিন মৌসুম বার্সেলোনার জার্সির পেছনে ওহানার লোগো দেখা যাবে। তবে এ সুবিধা শুধু ঘরোয়া প্রতিযোগিতায় ব্যবহৃত জার্সির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ইউরোপীয় প্রতিযোগিতায় অবশ্য জার্সির পেছনে আগের মতোই ফুন্দাসিও বার্সার লোগো থাকবে। অর্থাৎ একই মৌসুমে ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সিতে ভিন্ন দুটি লোগো দেখা যেতে পারে।
প্রস্তাবিত চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতে ওহানার বিলাসবহুল আবাসিক প্রকল্পে বার্সেলোনা ব্র্যান্ডের বাণিজ্যিক ব্যবহার করা হবে। ফলে এটি শুধু কয়েক মৌসুমের জার্সি স্পনসরশিপে সীমাবদ্ধ থাকবে না; বরং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব হিসেবে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন