পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে ‘সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ড’-এর স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিনের অবদান এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে করাচির সেন্ট্রাল পুলিশ অফিসের মুহাম্মদ আলী শাহ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিন্ধু পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জাবেদ আলম ওধো, সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান ও ট্রাফিক করাচির ডিআইজি, এসএসপি (মিডিয়া), ব্যবসায়ী সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আফ্রিদির হাতে আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে আইজি ও আফ্রিদি পরস্পরের মধ্যে সম্মাননা স্মারক বিনিময় করেন।
আফ্রিদিকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে আইজি জাবেদ আলম ওধো বলেন, এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আফ্রিদি সিন্ধু পুলিশ বাহিনীকে সম্মানিত করেছেন। পুলিশ বাহিনীর মধ্যে খেলাধুলার প্রসার তাদের দীর্ঘদিনের অগ্রাধিকার। তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও স্বাস্থ্যকর কার্যক্রমে যুক্ত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আইজি জানান, ব্যবসায়ী সমাজের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, চলতি বছরের নভেম্বরে পাকিস্তানের সব পুলিশ বাহিনীকে নিয়ে একটি জাতীয় ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফ্রিদি। করাচিতে জন্ম নেওয়া সাবেক এই ক্রিকেটার বলেন, ছোটবেলায় সিন্ধু পুলিশের ক্রিকেট দলের কার্যক্রম কাছ থেকে দেখেছেন তিনি। তখন থেকেই খেলাধুলার মাধ্যমে পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল তার।
মন্তব্য করুন