জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে সমন্বিত জাতীয় কাঠামোর আওতায় আনতে ২৫ সদস্যের ‘জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি’ (এনসিসিএফ) গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সহসভাপতি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের সচিব থাকবেন সদস্যসচিব।

কমিটির অন্যতম দায়িত্ব হবে কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নে জাতীয় রূপকল্প ও কৌশল নির্ধারণ, নীতিগত দিকনির্দেশনা দেওয়া এবং প্যারিস চুক্তির আর্টিকেল-৬ অনুযায়ী জাতীয় কাঠামো অনুমোদন ও বাস্তবায়নে ভূমিকা রাখা।

এ ছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও বিভিন্ন তহবিল থেকে জলবায়ু অর্থ সংগ্রহের কৌশল নির্ধারণ, প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট কারিগরি কমিটির কার্যক্রম তদারক করবে কমিটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বছরে কমিটির অন্তত দুটি সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে যেকোনো সময় সভা আহ্বান এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। প্রজ্ঞাপনটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।