আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি২০-র পঞ্চম আসর। অংশগ্রহণকারী দলগুলো এরই মধ্যে চূড়ান্ত করেছে তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা। যেখানে দুবাইয়ের হয়ে ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন মোস্তাফিজুর রহমান।

গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে বড় অবদান রাখার পুরস্কার পেলেন তিনি। অন্যদিকে বাদ পড়ছেন সাকিব আল হাসান। তাকে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স।

বিপিএলের কারণে টুর্নামেন্টের গত আসরের পুরোটা খেলতে পারেননি মোস্তাফিজ। তবে দেশে ফেরার আগে ৮ ম্যাচে মাত্র ১৫.৫৩ গড় ও ১১.৫০ স্ট্রাইক রেটে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার। টুর্নামেন্ট শেষে বোলারদের তালিকায় সেরা পাঁচে ছিল তার নাম।

তাই স্বাভাবিকভাবেই মোস্তাফিজকে দলে রেখে দিতে দ্বিতীয়বার হয়তো ভাবতে হয়নি দুবাইয়ের। এছাড়া এই দলে টিকে গেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েল। নতুন চুক্তিতে দলে এসেছেন মার্কাস স্টয়নিস ও নুর আহমেদ।

সাকিবের জন্য গত আইএলটি-২০ ছিল বেশ বাজে। এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলে ৫ ইনিংসে মাত্র ১২২.৩৪ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ১১৫ রান। আর বল হাতে নিজের ছন্দ হারিয়ে ফেলে তিনি নিতে পেরেছিলেন মাত্র ৩ উইকেট।

তাসকিন অবশ্য শারজাহর হয়ে অত খারাপ করেননি। প্রথমবার আইএলটি২০ খেলতে গিয়ে শারজাহর জার্সিতে ৬ ম্যাচে ১৫.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছিলেন তাসকিন। এমন পারফরম্যান্সের পর ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি তার।

শারজাহ এবার ধরে রেখে শুধু সিকান্দার রাজাকে। আর নতুন চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিলকে।

এছাড়া প্রথমবার আইএলটি২০তে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার দুই মারকুটে ব্যাটার হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে। দুজনকে দলে ভিড়িয়েছে গাল জায়ান্টস। আর আবু ধাবি নাইট রাইডার্সের জার্সিতে আইএলটি২০ অভিষেক হবে নিউ জিল্যান্ডের ফিন অ্যালেনের।

দুবাইয়ে আগামী ১ অক্টোবর হবে আইএলটি২০-র ক্রিকেটার বেচাকেনার নিলাম। যেখানে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজাতে পারবে দলগুলো। নিলামের পর ওয়াইল্ডকার্ড নিয়মে একজন করে খেলোয়াড় দলে নিতে পারবে তারা।