পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগে থাকা পটুয়াখালী সেতুর উত্তর পাশে গার্ডার বেয়ারিং প্যাডের কার্যকারিতা কমে গিয়ে একটি অংশে স্লাব দেবে গেছে। এতে কয়েক ঘণ্টা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সড়ক বিভাগ পুরোনো বেয়ারিং প্যাড অপসারণ করে নতুন প্যাড স্থাপনের কাজ শুরু করেছে।
বুধবার সকালে সেতুর উত্তর পাশের একটি গার্ডারের বেয়ারিং প্যাড ক্ষতিগ্রস্ত হওয়ায় তার ওপর স্থাপিত স্লাবের অংশবিশেষ নিচে দেবে যায়।বিষয়টি নজরে এলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ঢাকা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী যানবাহনের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে সড়ক বিভাগ ব্যবস্থা নেয়।
খবর পেয়ে সড়ক বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পুরোনো গার্ডার বেয়ারিং প্যাড অপসারণ করে নতুন বেয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু করেন। মেরামত চলাকালে সেতুর ওপর দিয়ে যান চলাচল সীমিত রাখা হয়। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন থেকে চার ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই সড়কের একটি বাসের চালক মো. শাহ আলম বলেন, সেতুর স্লাব দেবে যাওয়ার পর বাস নিয়ে পার হতে ভয় লাগছিল। তবে দ্রুত মেরামত কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে আসে।
সড়ক বিভাগ, পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুটি ২০০০ সালে নির্মাণ শেষ হওয়ার পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুর স্লাব গার্ডার বেয়ারিং প্যাডের ওপর স্থাপিত। সাধারণত একটি বেয়ারিং প্যাডের কার্যকারিতা ২০ থেকে ২৫ বছর পর্যন্ত থাকে। নির্ধারিত সময় অতিক্রম করলে তা পরিবর্তন না করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।
সড়ক বিভাগ, পটুয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিমের উপস্থিতিতে বেয়ারিং প্যাড পরিবর্তনের কাজ চলছে। তিনি বলেন, বেয়ারিং প্যাডের কার্যকারিতা কমে যাওয়ায় স্লাবের একটি অংশ দেবে গেছে। প্রধান কার্যালয়ের নির্দেশে রুটিন রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে সবগুলো গার্ডারের বেয়ারিং প্যাড পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে।
তিনি আরও জানান, পুরো কাজ শেষ করতে আনুমানিক ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। এ সময় যানবাহন চালকদের সতর্কতার সঙ্গে সেতু পারাপারের অনুরোধ জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন