পটুয়াখালীর মির্জাগঞ্জে ৯০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ১লক্ষ ২৮ হাজার ৩শ’ টাকাসহ পরিমল দেবনাথ (৪০) এক মাদক কারবারীকে আটক করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টীম। বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার সুবিদখালী বাজারের সিকদার সড়কের নিজ চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক পরিমল দেবনাথ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের মৃত. নারায়ন দেবনাথের পূত্র।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুবিদখালী বাজারের সিকদার সড়কে পরিমল দেবনাথ চায়ের দোকান ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় করছে এবং বর্তমানে তার কাছে ইয়াবার মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হামিমুর রশীদের নেতৃত্বে পরিমল ষ্টোর নামীয় চা দোকানে অভিযান চালিয়ে একটি নীল রংয়ের প্যাকেটে ৯০পিছ ইয়াবা (কমলা রংয়ের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট) এবং ইয়াবা বিক্রির ১ লক্ষ ২৮ হাজার ৩শ’ টাকা ও একটি Realme c11 মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং পরিমল দেবনাথকে আটক করা হয়।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হামিমুর রশীদ জানান, আটক পরিমল দেবনাথ দীর্ঘদিন যাবত চায়ের দোকানের আড়ালে সুকৌশলে ইয়াবা বিক্রি করে আসছিল। সন্ধ্যার পরপরই ইয়াবা ক্রেতারা তার দোকানে আসে এবং চা পানের সুযোগে ইয়াবা ক্রয় করে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবা এবং মাদক বিক্রির টাকাসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের উপ-পরিদর্শক এস. এম শাহীন পারভেজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক সেবনকারী ও মাদক কারবারী নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ ছালাম জানান,পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টীম ৯০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ পরিমল দেবনাথ নামে একজনকে আটক করেছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-১৭, তারিখঃ ১৮.০২.২০২৬ ইং। আটক পরিমল দেবনাথ মির্জাগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।