কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে যাত্রা করা ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা ও ২৭০ জন বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলারও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সন্দেহজনক ট্রলারটির গতিবিধির ওপর নজরদারি শুরু করেন সদস্যরা। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।

ট্রলারটি নিয়ন্ত্রণে নেওয়ার পর নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে জানা যায়। পরে পরিচয় যাচাইয়ে ৪৭ জন রোহিঙ্গা ও ২৭০ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়।

অভিযানকালে মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।