মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ১ হাজার ৮৩৪ পিস ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকানদার জুবের আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার আছদ্দর আলী রোডের সেলিমা টি ট্রেডার্স নামক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, এসআই মিয়া নাসির উদ্দিন আহমেদ, এসআই সজীব চৌধুরী ও এসআই মো. ইমানুর হোসেনসহ পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দোকানদার জুবের আহমদকে আটক করা হয়। তিনি সিলেটের কানাইঘাট থানার বায়মপুর গ্রামের শওকত আলীর ছেলে।
পরে দোকানটি তল্লাশি করে ১৯টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৬০ পিস উইশকেয়ার লোশন, ১৪৪ পিস ওয়াইল্ড স্টোন পারফিউম, ৭২০ পিস স্কিনশাইন ক্রিম, ৩০০ পিস পন্ডস হাইড্রা মিরাকল, ১৫০ পিস হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু, ৩০০ পিস মামাআর্থ ফেসওয়াশ এবং ৬০ পিস গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটার।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে আনার বিষয়ে তথ্য দিয়েছেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তি ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন