দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬। সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান প্রাইমারি স্কুল, কাকিয়াছড়া চা বাগান প্রাইমারী স্কুল, ফুলছড়া প্রাইমারী স্কুল, ও কালীঘাট চা বাগান প্রাইমারী স্কুল কেন্দ্রে সরজমিন গিয়ে দেখা যায় শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন চলছে। চা শ্রমিক নারী পুরুষ ভোটাররা সারিবদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে একের পর এক ভোট দিচ্ছেন।

সকাল থেকে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও রিটর্নিং অফিসার মামুনুর রশীদ ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপুর্ন পরিবেশে ভোটগ্রহন চলছে।

এ নির্বাচনে দেশের ৫ জেলার ১৬৭টি চা-বাগানের ১ লাখ ৫৩ জন ভোটার ২৩০টি ভোটকেন্দ্রের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলাগুলো হলো– সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, এ নির্বাচনে মৌলভীবাজার জেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮৭ জন চূড়ান্ত ভোটার তাঁদের ভোট দিচ্ছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোটার রয়েছেন ১৮ হাজার ৮২২ জন। জেলার মধ্যে শ্রীমঙ্গলেই সর্বাধিক পঞ্চায়েত ও ভোটার রয়েছেন।

তিনি আরো জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলার জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান আরো জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চা-শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা, অংশগ্রহণ এবং গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।