ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আর বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে সংঘাতের অবসান কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের সঙ্গে চলমান উত্তেজনা আর কতদিন স্থায়ী হতে পারে—এমন প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প। জবাবে তিনি বলেন, ‘খুব বেশি দিন নয়।’
সংঘাতের অবসানের বিষয়ে ট্রাম্প বলেন, এটিও শিগগিরই শেষ হবে। তবে কবে নাগাদ পরিস্থিতির অবসান ঘটতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানের সক্ষমতা ও পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না এটি আর খুব বেশি দিন চলবে। তারা আর কতটা সহ্য করতে পারবে, জানি না।’
গত কয়েক মাস ধরে ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং তেহরান আত্মসমর্পণ করবে। তবে এখন পর্যন্ত তার সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেয়নি।
এদিকে আগামী নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন তার সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের প্রভাব ফেলছে না বলেও দাবি করেছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনে সাময়িকভাবে জ্বালানির পেছনে বেশি অর্থ ব্যয় করতেও রিপাবলিকান ভোটাররা প্রস্তুত আছেন।
মন্তব্য করুন