ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। অজি পেসার মিচেশ স্টার্কের তোপের মুখে ১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। এর মধ্যে রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশের চার ব্যাটার।
ম্যাচের প্রথম বলেই উইকেট নেন স্টার্ক। স্টাম্পে থাকা ফুল লেংথ ডেলিভারি পিচ করার পর বেরিয়ে যাচ্ছিল। লেগে খেলার চেষ্টায় আগেভাগেই ব্যাটের মুখ ক্লোজ করে ফেলেন সাদমান ইসলাম। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি ক্যামেরন গ্রিন। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান সাদমান।
প্রথম ওভারে সাদমানকে ফেরানোর পরপর দুই বলে দুই উইকেট নেন স্টার্ক। তার তোপের মুখে তানজিদ হাসানের পর ফিরে যান নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে দিয়ে তৃতীয় স্লিপে বাউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন তানজিদ। পরের বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হয়ে যান শান্ত।
ক্রিজে নেমেই দুটি চার মেরেছিলেন মুমিনুল হক। খেলছিলেন আস্থার সঙ্গে। তবে তিনিও টিকতে পারেননি না বেশিক্ষণ। মিচেল স্টার্কের ব্যাটে বল চালিয়ে দিয়ে আউট হন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। অফ স্টাম্পের বাইরের প্রায় ইয়র্কার লাইনের বলে ব্যাট পেতে দেন তিনি। ব্যাটের কানায় লেগে বল যায় গালিতে। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন বাউ ওয়েবস্টার।
আগের বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন লিটন দাস। থার্ড স্লিপে ক্যাচ নিতে পারেননি বাউ ওয়েবস্টার। পরের বলেই রিভিউয়ে সফল হয় অস্ট্রেলিয়া। স্রেফ চার ওভারের মধ্যে পাঁচ উইকেট নেন স্টার্ক!
ডারউইনে স্বপ্নময় চার দিন কাটানো বাংলাদেশের জন্য ম্যাকাই টেস্টের শুরুটা হরো দুঃস্বপ্নের মতো। আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের চারজনই রানের খাতা খুলতে পারেননি।
মন্তব্য করুন