চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে নিজস্ব পেশাগত পরিচয়ে পরিচিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
মির্জা আব্বাস বলেন, চিকিৎসকরা তাদের নিজস্ব পরিচয়েই পরিচিত হবেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগাতে পারেন না। তাই পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকার আহ্বান জানান তিনি।
দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশে কম নন।
অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, এ চিকিৎসাসেবা কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হলে অনেক জটিল রোগ থেকে মানুষ সহজেই সুস্থ হয়ে উঠতে পারবেন।
মন্তব্য করুন