গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণে চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমায় বিপুল মৎস্যসম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। তবে বিস্তৃত এই জলসীমায় নিয়মিত নজরদারি এখনো বড় চ্যালেঞ্জ। প্রস্তাবিত প্রকল্পের আওতায় চারটি স্যাটেলাইটের পাশাপাশি দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলা হবে। এতে সামুদ্রিক নৌযানের তথ্য দেশের নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণের সুযোগ তৈরি হবে এবং বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে।
পরিকল্পনা অনুযায়ী, পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকা একটি স্যাটেলাইট পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবার পর্যবেক্ষণের আওতায় আসবে। এর মাধ্যমে সমুদ্রে নৌযানের অবস্থান, চলাচল ও মাছ ধরার কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
জেলেদের উদ্ধার ও নিরাপত্তায় বাড়বে সক্ষমতা
গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্কের বাইরে কোনো নৌযান দুর্ঘটনায় পড়লে তার অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। নতুন ব্যবস্থা চালু হলে এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের অবস্থান দূর থেকেই পর্যবেক্ষণ করা যাবে। ফলে নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্ধার তৎপরতা সহজ হবে।
এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে যাত্রাপথ পরিকল্পনা, অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিত পথে চলাচল করলে একটি নৌযান প্রতি যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এতে বছরে প্রায় ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
মৎস্যসম্পদ ব্যবস্থাপনাতেও কাজে লাগবে প্রযুক্তি
স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থায় নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রমের দীর্ঘমেয়াদি তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে। এসব তথ্য বিশ্লেষণ করে অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা শনাক্ত, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা যাবে।
তবে এআইএস প্রযুক্তি সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করে না। এটি মূলত নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করে। সমুদ্রে মাছের সম্ভাব্য অবস্থান নির্ধারণে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিল, প্ল্যাঙ্কটন ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় সহায়তা করবে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগরের সম্পদ সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে। কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগে পড়লে দ্রুত অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনাও সহজ হবে।
তিনি আরও বলেন, দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে। এটি জেলেদের নিরাপত্তা, সামুদ্রিক সার্বভৌমত্ব এবং সমুদ্র অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এ স্যাটেলাইটভিত্তিক নজরদারি সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন