সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে দেশটির সরকারকে আবারও কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। দুই বাংলাদেশির মামলার বিবরণ, আদালতের রায়ের কপি ও বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ওই পত্রে।
সোমবার (১৯ অক্টোবর) জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। তবে বৈঠকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরে একই দিন মামলার বিস্তারিত বিবরণ ও বিচারিক প্রক্রিয়ার তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে নতুন করে কূটনৈতিক পত্র দেয় বাংলাদেশ।
এর আগে গত ১৪ অক্টোবর সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। পরদিন ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্র দেয়। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছেও বিষয়টি পুনরায় উত্থাপন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবের পাঠানো বন্দি তালিকায় নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম থাকলেও তাঁদের কী সাজা দেওয়া হয়েছে, তা উল্লেখ ছিল না। এ কারণে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর মামলার নথিপত্র ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চায় ঢাকা। কূটনৈতিক পত্রে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে নিম্ন আদালত দুই আসামিকে দণ্ড দেন। পরে ১৩ বিচারকের সমন্বয়ে গঠিত আপিল আদালতের প্যানেল তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আদালতের রায় অনুসরণ করে নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক সেলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানানো হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা এবং পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে। নথিপত্র পাওয়ার পর তা পর্যালোচনা করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে ঢাকা।
এখন সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই বাংলাদেশির নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
মন্তব্য করুন