মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে যৌথ অভিযান ও টহল পরিচালনা করেছে জেলা ও উপজেলা মৎস্য বিভাগ।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে বিষখালী নদীর কাঠালিয়া অংশের আওরাবুনিয়া,‌ জাঙ্গালিয়া, বড়ইয়া ও নিয়ামতি এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক। এ সময় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে বেতাগী উপজেলার মৎস্য বিভাগের একটি দলও অংশ নেয়।

অভিযান চলাকালে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল এবং প্রায় ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।