মরমি সাধক ও বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঝালকাঠিতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় লালন সাঁইয়ের জীবনদর্শন, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী ভাবনা এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান তুলে ধরা হয়। বক্তারা বলেন, লালন সাঁইয়ের গান ও দর্শন মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানবতা, সাম্য ও সম্প্রীতির বার্তা দেয়। তাঁর সৃষ্টিকর্ম আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বসির গাজী।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লালন সাঁইয়ের দর্শন ও সংগীতভিত্তিক পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য করুন