কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তাদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আগুনে ইট ও কাঠ দিয়ে তৈরি তিনতলা রিসোর্টটির প্রায় পুরো স্থাপনা পুড়ে গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। এ সময় অনেক পর্যটক ঘুমিয়ে থাকায় বেশ কয়েকজন কক্ষের ভেতরে আটকা পড়েন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে কয়েকজন ওপর থেকে লাফিয়ে বের হন।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতরা হলেন ইসরাত জাহান মালিহা (৩০), মেলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), ফারিয়া কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫), নাসরিন আক্তার মুক্তা (২৯), মো. নাফিস তেহামী, জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম।
অগ্নিকাণ্ডে আহত ছয়জন হলেন চিকিৎসক শিহাব উদ্দীন সাদী (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রিসোর্টের রান্নাঘরের দিক থেকে বিকট শব্দ হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন