অক্টোবরের শুরুতেই দেশে প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে মাসের শুরুতে প্রবাসী আয় প্রায় চার গুণ বেড়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর সুযোগ ও অনুকূল পরিবেশের কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে।