ফুলের বুক থেকে সত্যিই কি রক্ত ঝরে? ফুলের তো রক্ত থাকার কথা নয়। তবু দূর থেকে তাকালে মনে হতে পারে, সাদা হৃদয়াকৃতির আবরণ ভেদ করে যেন টুপটাপ লাল রক্ত ঝরছে। এ কারণেই অদ্ভুত সুন্দর এই ফুলটির নাম ব্লিডিং হার্ট।

প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের এক অনন্য উদাহরণ এই ফুল। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে ভালোবাসা, বেদনা আর রক্তক্ষরণের এক কল্পকাহিনি। মনে প্রশ্ন জাগে কার হৃদয় ভেঙে এমন রক্তক্ষরণ? ফুলদেরও কি তবে প্রেম-বিরহ আছে?

বাস্তবে অবশ্য এর নামকরণের পেছনে রয়েছে ফুলের বিশেষ গঠন। সাদা বা হালকা রঙের পুষ্পাধারসদৃশ বৃতি থেকে উজ্জ্বল লাল ফুল বেরিয়ে আসে। লাল অংশ ও বাইরে থাকা সাদা আবরণের বৈপরীত্য ফুলটিকে হৃদয়ের মতো আকৃতি দেয়। সেখান থেকেই ” Bleeding Heart ”  বা রক্তক্ষরণরত হৃদয় নামটির প্রচলন।

ব্লিডিং হার্টের বৈজ্ঞানিক নাম Clerodendrum thomsoniae Balf.। এটি Lamiaceae পরিবারের একটি চিরসবুজ আরোহী উদ্ভিদ। ইংরেজিতে একে Bleeding Heart, Bleeding Heart Vine, Bleeding Glory Bower  এবং Bag Flower নামেও ডাকা হয়। উদ্ভিদটির আদি বিস্তৃতি পশ্চিম আফ্রিকা; বর্তমানে বিশ্বের বিভিন্ন উষ্ণ অঞ্চলে এটি শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে চাষ করা হয়।

উষ্ণ ও অনুকূল পরিবেশে এ গাছে দীর্ঘ সময় ধরে ফুল দেখা যেতে পারে। সাধারণত রৌদ্রোজ্জ্বল বা উজ্জ্বল আলোযুক্ত জায়গা এ ফুলের জন্য উপযোগী। যুক্তরাজ্যের Royal Horticultural Society (RHS) এর তথ্য অনুযায়ী এটি পূর্ণ রোদ পছন্দ করে এবং আর্দ্র কিন্তু পানি জমে থাকে না এমন মাটি উপযোগী।

বংশবিস্তারের জন্য বীজের পাশাপাশি কাটিং ব্যবহার করা যায়। যুক্তরাজ্যের বিখ্যাত উদ্যানতত্ত্ব বিষয়ক প্রতিষ্ঠান RHS এর তথ্য অনুযায়ী আধা-কাঠিন্যযুক্ত ডাল ও শিকড়ের কাটিং থেকেও এর বংশবিস্তার করা সম্ভব।

ব্লিডিং হার্টের সবচেয়ে বড় আকর্ষণ তার ফুলের রঙ ও গঠন। সাদা আবরণের ভেতর থেকে উঁকি দেওয়া লাল ফুল দেখে মনে হয়, প্রকৃতি যেন সাদা হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছে এক ফোঁটা রক্তিম অনুভূতি। নামটি তাই শুধু একটি পরিচয় নয় ফুলটির চেহারাই যেন সেই নামের গল্প বলে।

বাড়ির বাগান, বারান্দা কিংবা অফিস প্রাঙ্গণে অল্প জায়গাতেই এই লতা তৈরি করতে পারে দৃষ্টিনন্দন সবুজ আবহ। ফুল ফুটলে সাদা ও লালের অপূর্ব মেলবন্ধনে চোখ আটকে যায়। প্রকৃতির এই বিচিত্র সৃষ্টিকে দেখলে তাই আবারও মনে হয় ফুলেরও যেন নিজস্ব ভাষা আছে, আর সেই ভাষায় ব্লিডিং হার্ট বলে যায় তার নীরব ভালোবাসা ও সৌন্দর্যের গল্প।