চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ভূমিধসে একজন নিহত এবং অন্তত ১১ জন নিখোঁজ হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে শুক্রবার অঞ্চলটিতে আঘাত হানে টাইফুন সৌডেল। এর প্রভাবে জিয়াংসি ও আশপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এর পরই ভূমিধসের ঘটনা ঘটে।

চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াংসি প্রদেশের সুইচুয়ান কাউন্টির একটি গ্রামের অংশে ভোর ৪টার দিকে ভূমিধস হয়। এতে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নতুন করে ভূমিধসের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধারকারীরা ধসে পড়া একটি বাড়ি থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

টাইফুন সৌডেলের প্রভাবে জিয়াংসি প্রদেশ ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। পরে শুক্রবার এটি স্থলভাগে আঘাত হানে।

প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের প্রভাবে জিয়াংসির ৫৩টি জেলার প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঝুঁকি বিবেচনায় প্রায় ৮ হাজার ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ফুজিয়ান প্রদেশের বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত প্রায় ৫ লাখ ৯৯ হাজার মানুষকে উচ্চঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে জিয়াংসি ও আশপাশের অন্যান্য এলাকাতেও নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে।