সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কাবার হাজরে আসওয়াদের কাছে এক ব্যক্তি এক নারীকে ধাক্কা দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো প্রমাণিত যোগসূত্র নেই বলে জানিয়েছে সৌদির পবিত্র দুই মসজিদের কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) মসজিদুল হারাম ও মসজিদে নববীর কর্তৃপক্ষের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ভিডিওটি মিথ্যা তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে। এটি ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কোনো প্রমাণ নয়।

এর আগে গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সুইটি আক্তার সিঁথি নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে ‘অনৈতিক’ কাজের অভিযোগে তাদের এ দণ্ড কার্যকর করা হয়েছে। তবে ঘটনার স্থান ও তাদের গ্রেপ্তারের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, নজরুল ইসলাম তিন বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি ছিলেন। এ সময় তিনি সপ্তাহে একদিন ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেন। তবে পরিবারের সদস্যদের কোনো তথ্য না জানিয়েই গত ১৪ অক্টোবর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানা গেছে।

সূত্র: খালিজ টাইমস