দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টায় দুটি পক্ষ জড়িত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে অর্থ সরবরাহ করছে। অন্যদিকে, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের ‘টিকিট’ বিক্রির চেষ্টা করা কয়েকটি দল দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা, বন্ধ কলকারখানা চালু করা এবং কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করছে। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়িয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে সরকার। তবে কয়েকটি দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে এসব উদ্যোগ বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে, জনসভায় মঞ্চে উঠে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে একযোগে ১২ কোটি টাকা প্রণোদনা দেন প্রধানমন্ত্রী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশন প্রশাসক মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য নেতারা।
মন্তব্য করুন