বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংকে থাকা শত শত কোটি টাকার হিসাব এবং এসব অর্থের লেনদেনে সম্ভাব্য অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।
অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের নির্দেশে ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবের লেনদেনও অবরুদ্ধ করা হয়।
দুদকের অনুসন্ধানে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের নামে প্রায় ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে। এ অভিযোগের ভিত্তিতেই শেখ হাসিনা, শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে মামলার অপর আসামির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন