পর্যটন শহর শ্রীমঙ্গলের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় বিভিন্ন স্থানে টানানো ব্যানার-ফেস্টুন অপসারণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভা।

শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ উদ্যোগে অবশিষ্ট ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউএনও বলেন, শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন অপসারণ করে যাঁরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিচ্ছেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যাঁদের ব্যানার-ফেস্টুন এখনো শহরের বিভিন্ন স্থানে রয়েছে, তাঁদের দ্রুত নিজ উদ্যোগে সেগুলো অপসারণ করতে হবে। অন্যথায় উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে অবশিষ্ট ব্যানার-ফেস্টুন দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করা হবে।

প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, বনাঞ্চল ও পর্যটন আকর্ষণের জন্য শ্রীমঙ্গল দেশজুড়ে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশের বহু পর্যটক এ অঞ্চলে বেড়াতে আসেন। পর্যটন শহরের প্রবেশপথ, সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল স্থানে অপরিকল্পিতভাবে ব্যানার-ফেস্টুন লাগানো হলে শহরের স্বাভাবিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ব্যাহত হতে পারে। তাই শহরের নান্দনিকতা বজায় রাখতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।

শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ব্যানার-ফেস্টুন অপসারণ নয়, শহরের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়নে সবাই সহযোগিতা করলে শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য আরও বাড়বে এবং পর্যটন নগরী হিসেবে এর ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত থাকবে।