টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আটলান্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধ ছিল গোলশূন্য ও ফাউলনির্ভর। দুই দলই আক্রমণ গড়লেও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। বলের দখলে এগিয়ে থাকলেও লিওনেল মেসিদের আক্রমণে ধার ছিল না। অন্যদিকে ইংল্যান্ডও বড় কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।
বিরতির পর ৫৫ মিনিটে ম্যাচে প্রথম গোল করে ইংল্যান্ড। ডান দিক থেকে মরগান রজার্সের ক্রসে ব্যাকপোস্টে থাকা অ্যান্থনি গর্ডন বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। ৬৯ মিনিটে মেসির দারুণ ক্রসে গঞ্জালেজের হেড অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ৭৬ মিনিটে দে পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপরও গঞ্জালেজ ও এনজো ফার্নান্দেজের একাধিক প্রচেষ্টা রুখে দেন ইংলিশ গোলরক্ষক।
শেষ পর্যন্ত ৮৫ মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। কর্নার থেকে মেসির পাস পেয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন এনজো ফার্নান্দেজ।
সমতায় ফেরার পর থেমে থাকেনি স্কালোনির দল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) লিওনেল মেসির আক্রমণ থেকে সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ। তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
এখন শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, যারা অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
মন্তব্য করুন