চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভূমিধসের বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টা থেকে রোববার (১২ জুলাই) পর্যন্ত কার্যকর এক বিশেষ বার্তায় এ সতর্কতা দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে এ সময় কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় এসব জেলায় ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।