মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী।
সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থাপনার কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। অন্য প্রতিযোগীরা বিকিনি পরে মঞ্চে এলেও তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের পোশাক। এর পেছনে যুক্ত লম্বা নীল কাপড় তার পরিবেশনাকে দেয় ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পাওয়া সেই পর্বে দর্শকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার কথাও জানান তিনি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের এই অর্জন শুধু নিজের নয়, বরং দেশের প্রতিটি মানুষের বলে উল্লেখ করেন মাহি। প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও জানান তিনি।
মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে পড়েন মাহি। তবে দুটি বিভাগে দর্শকদের ভোটে পাওয়া স্বীকৃতি এবং ন্যাশনাল কস্টিউমে রানারআপ হওয়া তার আন্তর্জাতিক যাত্রাকে স্মরণীয় করে রাখল। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’
মন্তব্য করুন